ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, অস্ত্র উদ্ধারে পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুরে মারধরের ঘটনায় আহত ব্যবসায়ী
সুনামগঞ্জের তাহিরপুরে মারধরের ঘটনায় আহত ব্যবসায়ী

মুক্তমন রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে চাঁদা দাবির অভিযোগে এক ব্যবসায়ীকে মারধর ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যবসায়ী মাহফুজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে জাঙ্গালহাটি পয়েন্টের রাজ্জাক মিয়ার দোকানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, একটি দল ব্যবসায়ী মাহফুজকে দোকানে ডেকে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রের দাবি, ঘটনার আগে গত এক সপ্তাহ ধরে মাহফুজের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী হিসেবে পরিচিত আল-আমীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।