মুক্তমন রিপোর্ট: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্রত্যন্ত বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ায় দীর্ঘদিনের প্রতীক্ষিত কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির বিশেষ বরাদ্দে এ সংস্কারকাজ শুরু হয়।
প্রথম পর্যায়ে ১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে মৎস্যজীবী পাড়ার আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি পর্যন্ত ৩৩ মিটার কাঁচা রাস্তায় এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে সংস্কারকাজ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকাজের ফলক উন্মোচন করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক নুর নবী ফারুক তারা।
তিনি বলেন, সিংড়ার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং অবহেলিত এলাকার উন্নয়নে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি কাজ করে যাচ্ছেন। বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ার রাস্তাটি ছোট হলেও স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সিংড়ার প্রতিটি মেঠোপথকে টেকসই যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ৫ নম্বর চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, সাংবাদিক কামাল পাশা, স্থানীয় রাজনৈতিক নেতা মো. আজাদ আলী, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দ্রুত কাজ শেষ হলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।