দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

দাউদকান্দিতে পুলিশের অভিযানে জব্দ করা ইয়াবা ও প্রাইভেটকার
দাউদকান্দিতে পুলিশের অভিযানে জব্দ করা ইয়াবা ও প্রাইভেটকার

মুক্তমন রিপোর্ট: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় শুক্রবার (৭ আগস্ট) রাতে এবং শনিবার (৮ আগস্ট) ভোরে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-১১ ডিউটি করছিলেন। এ সময় মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকার ও ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, শনিবার রাত আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম তানভীর ওরফে তাবরীজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য এবং দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া রাত ৩টার দিকে সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়া (৫৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।