উত্তরখানে নকশা বহির্ভূত রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা

5e6738907edd2295ad1194d4e3f8b726b90e3d4a96dac0dd-1451×816
5e6738907edd2295ad1194d4e3f8b726b90e3d4a96dac0dd-1451×816

রাজধানীর উত্তরখান এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। একটি ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে বালুর মাঠ মাস্টারপাড়া রাজউক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

জানা গেছে, ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল। তবে রাজউকের অনমুতি নেয়া হয়নি। ফলে ভবনটি ভেঙে দেয়া হয়।

ভবন মালিকরাও অকপটে শিকার করলেন অনুমতি ছাড়াই ভবন নির্মাণের কথা। তারা দাবি, স্থান সংকুলান হওয়ায় পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে একটি ভবনে দুই লাখ জরিমানা আদায় করা হয়। বাকী অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিকপক্ষ।

গেল সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে, সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেয়া হবে না।’

তিনি আরও বলেন, রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেন না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এছাড়াও রাস্তায় জায়গা দখল করা র‍্যাম্প তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।