খিলক্ষেতে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা অনুদান দিলেন মোবারক দেওয়ান ও আব্দুল হক

খিলক্ষেতে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা অনুদান দিলেন মোবারক দেওয়ান ও আব্দুল হক

বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেতে বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান ও ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক ভূঁইয়া।

সম্প্রতি প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য হিসেবে দুজন পৃথকভাবে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-কর্মচারী এবং ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুদান দেওয়ার বিষয়ে মোবারক হোসেন দেওয়ান বলেন, শিক্ষার উন্নয়নে বিনিয়োগ কখনো বৃথা যায় না। বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এলাকার সন্তানদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

সংশ্লিষ্টরা জানান, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

মোবারক হোসেন দেওয়ান ও আব্দুল হক ভূঁইয়ার অনুদানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়রা। তাদের দেওয়া ২০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।