উত্তরা ১০ নং সেক্টরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ২ শতাধিক দোকান উচ্ছেদ

dncc-20250416183013
dncc-20250416183013

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় ফুটপাত এবং রাস্তা থেকে প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।
অভিযানে উত্তরা ১০ নম্বর সেক্টর স্লুইসগেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের কাঁচা অংশে অবৈধভাবে গড়ে তোলা দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের হোটেল, অবৈধ টং দোকান, বাঁশের আড়ত, নার্সারি, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর সঙ্গে গণশুনানিতে অংশ নিয়ে ঘোষণা দিয়েছিলেন পহেলা বৈশাখের পর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে।