উত্তরায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু

accident
accident

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুর আলম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) রাত দেড়টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন এয়ারপোর্ট এপিবিএন পুলিশ হেডকোয়ার্টার সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার মোজাফফর মোল্লাকান্দি গ্রামের ইফরান মোল্লার ছেলে। তিনি একটি সোয়েটার গার্মেন্টসে চাকরি করতেন।

জানা গেছে, রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের খবর দেয়।

স্বজন ও পুলিশ তাকে উদ্ধার করে রাত প্রায় ৩টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. কাশেম মিয়া জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।