উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলতে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর প্রকল্প ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিআইটিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ইডিপি-এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমরান সাহরিয়ার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিআইটিআই)-এর প্রিন্সিপাল ও এসভিপি মো. আব্দুর রহিম দুয়ারী

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “দক্ষ উদ্যোক্তাই একটি শক্তিশালী অর্থনীতির ভিত্তি। তাই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ব্যবসায় কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আইয়ুব আলী প্রশিক্ষণের উদ্দেশ্য, বিষয়বস্তু, কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

২০ কার্যদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ও এসএমই অর্থায়ন, হিসাবরক্ষণ, বিপণন, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, তথ্যপ্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন, শিল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব, আইনগত বিষয়, পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা এবং টেকসই উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।