সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়ছে সরবরাহ

সামিট এফএসআরইউ থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ
সামিট এফএসআরইউ থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ

মুক্তমন রিপোর্ট : সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) গ্যাস সরবরাহ শুরু করে।

সামিটের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।

তিনি বলেন, গ্যাস সরবরাহ বাড়লে শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বাসসকে জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই সামিট তাদের এফএসআরইউ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে।

তিনি বলেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, একই সঙ্গে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে মোট সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

সামিটের এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করলে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাসের সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।