মুক্তমন প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিএসসিসির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা ২০২৬-২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।
রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।
ডিসিসিআই ও ডিএসসিসি সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীরা নির্ধারিত ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন ফি কমানো এবং অটোমেশনের মাধ্যমে হয়রানিমুক্ত নবায়ন সেবা নিশ্চিত করার দাবি জানান।
এ ছাড়া যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশা চলাচলে রেজিস্ট্রেশনের মাধ্যমে নম্বরপ্লেট প্রদান, ফুটপাত দখলমুক্ত করা এবং রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনায় ডিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ জমশের আলী, সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি হোসেন এ সিকদার ও মো. আলাউদ্দিন মালিক, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও দীন মোহাম্মদ এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টোসহ ব্যবসায়ী নেতারা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি তুলে দেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।
এ সময় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।