মার্কিন বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি : মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি : মন্ত্রণালয়

মুক্তমন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।-বাসস।

বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও সম্ভাবনা তৈরি করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা আরও বাড়ানো গেলে দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব নতুন মাত্রা পেতে পারে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুযোগ তুলে ধরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগও অব্যাহত রয়েছে।

বৈঠকে শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ, সম্পৃক্ততা ও অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে।