উল্টোপথে চললেই ডিজিটাল মামলা: ডিএমপি কমিশনার

WhatsApp Image 2026-05-11 at 19.44.05
WhatsApp Image 2026-05-11 at 19.44.05

মুক্তমন রিপোর্ট : রাজধানীর সড়কে উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা।

সোমবার দুপুরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় সৌরবিদ্যুৎচালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্যের ঘটনায় তিন শতাধিক মামলা দেওয়া হয়েছে। পুরো ব্যবস্থা চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “ঢাকা শহরকে আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং অমান্য কিংবা উল্টোপথে যান চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। এটি মূলত শাস্তির জন্য নয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ।”

মো. সরওয়ার জানান, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে।

গাড়ির মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, যারা বিআরটিএ অনুমোদিত সঠিক নম্বর প্লেট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে আগামী কয়েক দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।