মুক্তমন রিপোর্ট: কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
সফর শেষে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন।