মুক্তমন রিপোর্ট: বগুড়ার চেলোপাড়ায় করতোয়া নদীর ওপর ঐতিহ্যবাহী ২৫ নম্বর রেল সেতুতে বড় ধরনের সংস্কারকাজ চলছে। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে সেতুটিতে নতুন ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি পূর্ব পাশের একটি নতুন গার্ডার নির্মাণ এবং পশ্চিম পাশের একটি গার্ডার সংস্কার করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নতুন ওয়াকওয়েটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী এই রেল সেতু দিয়ে প্রতিদিন আন্তঃনগর ও লোকাল ট্রেনসহ প্রায় ১৬টি ট্রেন চলাচল করে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারাও সেতুটি পারাপারের জন্য ব্যবহার করে আসছেন।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন ওয়াকওয়ে নির্মাণ ও গার্ডার সংস্কারের কাজ শেষ হলে একদিকে রেল চলাচলের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষের ঝুঁকিপূর্ণভাবে রেলসেতু পারাপারের প্রবণতাও কমবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে সেতুটি দিয়ে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। নতুন ওয়াকওয়ে চালু হলে তাদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।