মুক্তমন রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. জাকির হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই এলাকার শিবলু মিয়া ও ঝরিনা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির পাশের একটি বিল থেকে মাছ ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন জাকির। পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জাকির চিৎকার করতে করতে কিছুদূর এগিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।