খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চাই

ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মুক্তমন রিপোর্ট: খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

শনিবার (৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।

তিনি বলেন, “আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ খেলাধুলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যেও কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে ঝিনাইদহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ঘোষণা দিয়ে আমিনুল হক বলেন, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ঝিনাইদহে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়া হবে।

ঝিনাইদহে সুইমিংপুল নির্মাণের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশের ২২টি জেলায় ২২টি সুইমিংপুল রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় ঝিনাইদহেও সুইমিংপুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪টি জেলায় আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়ামসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ