জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের আশা

ঢাকা-নারিতা রুটে আবারও বিমানের সরাসরি ফ্লাইট

ঢাকা-নারিতা রুটে আবারও বিমানের সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, “আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও বলেন, সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীর যাতায়াতের সুবিধা বিবেচনায় রেখেই এই রুট পুনরায় চালু করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, বিমান বহরে এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে এই রুট নিয়মিত ও টেকসইভাবে পরিচালনা করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই রুট আবারও যাত্রীদের জন্য চালু করা হয়েছে।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।