বিনোদন ডেস্ক: বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।
রোববার (২৬ জুলাই) রাতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রথমদিকে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের প্রত্যাশায় খিলক্ষেত থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।