নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড থেকে লিফট দেওয়ার কথা বলে এক ব্যাংক ম্যানেজারকে প্রাইভেটকারে তুলে অপহরণ, নির্যাতন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় আন্তজেলা অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) খিলক্ষেত থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সদর উপজেলার চর গাজীপুর এলাকার বাসিন্দা মো. সুবেদ রানা (৩১) এবং বরগুনা সদর উপজেলার কালির তবক এলাকার বাসিন্দা মো. মিরন ওরফে সুজন (৫৪)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও অপহরণের একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুন সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোডে কাঞ্চন ব্রিজগামী গাড়ির অপেক্ষায় ছিলেন একটি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে একই গন্তব্যে যাওয়ার কথা বলে গাড়িতে ওঠান। গাড়ি চলা শুরু করলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুই ব্যক্তি তার হাত বেঁধে ফেলে এবং নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর তাকে মারধর করে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য চাপ দেওয়া হয়। প্রাণনাশের হুমকির মুখে ভুক্তভোগী কৌশলে তার কর্মস্থলের এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অপহরণকারীদের হাতে ৫ লাখ টাকা পৌঁছে দেওয়া হয়। টাকা পাওয়ার পর অপহরণকারীরা ভুক্তভোগীকে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট গোলচত্বর এলাকায় ফেলে পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২২ জুন খিলক্ষেত থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। প্রথমে রাজধানীর মিরপুর এলাকা থেকে সুবেদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে মিরন ওরফে সুজনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতেই মিরপুরের মনিপুর এলাকা থেকে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ডিসি এম তানভীর আহমেদ বলেন, সংঘবদ্ধ এই চক্রটি ব্যস্ত সড়কে যাত্রীদের লিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ ও ছিনতাই করত। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির প্রাইভেটকারে না ওঠার আহ্বান জানান তিনি।