বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন উপস্থিত ছিলেন।