নিকুঞ্জে পানিবন্দি ৫০ পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

নিকুঞ্জে পানিবন্দি ৫০ পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে রাজধানীর নিকুঞ্জ এলাকার জামতলায় পানিবন্দি ৫০টি পরিবারের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নিকুঞ্জের জামতলার জাহিদ ইকবাল চত্বরে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সহযোগিতায় এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক টানা বর্ষণে নিকুঞ্জের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে নিম্নআয়ের ও দিনমজুর পরিবারের অনেকেই রান্না করতে না পেরে খাদ্যসংকটে পড়েন। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে পানিবন্দি পরিবারের মাঝে একবেলার খাবার পৌঁছে দেয় স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, দপ্তর সম্পাদক এ এম আইয়ুব পাপ্পু, তাসবির ইকবাল, মাসুম সরকার, আমির হোসেন এবং জুনাইদ আল হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, "পানিবন্দি মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা শুধু এই সহায়তা মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি। এলাকার মানুষের কল্যাণে যেকোনো ভালো উদ্যোগে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।"

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। নিকুঞ্জে পরিচালিত এই কর্মসূচির ধারাবাহিকতায় ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।