প্রচলিত আইনেই বিগত সব নৃশংসতার বিচার হবে

চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল
চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

মুক্তমন রিপোর্ট: বিগত ১৭ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব নৃশংসতার বিচার বিশেষ কোনো ট্রাইব্যুনালে নয়, দেশের প্রচলিত আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। বরং তৎকালীন সরকারের বিভিন্ন জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের আলোর পথে ফিরিয়ে এনে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।