বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মুক্তমন রিপোর্ট: প্রতিবছর বাঁশখালীর মানুষ যাতে বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঁশখালীর খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই খালগুলোর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

তিনি বলেন, “খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নেমে যেতে পারে। পাহাড়ি ঢলে যাতে মানুষের বসতবাড়ি প্লাবিত না হয়, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”

মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

এদিকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামীকাল চট্টগ্রামে আসছেন বলে জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পরে মন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।