প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান

বৃক্ষরোপণ কর্মসূচিতে আমিনুল হক
বৃক্ষরোপণ কর্মসূচিতে আমিনুল হক

মুক্তমন রিপোর্ট: দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিক্ষার্থীরা কোথায় ও কী গাছ লাগাচ্ছে, তার তালিকা সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা বাসার সামনে, স্কুল-কলেজ কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাতে পারে। এসব গাছের হিসাব রাখা হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগানো গাছের তালিকা সংরক্ষণ করা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।

তিনি বলেন, গাছ লাগানোর জন্য বর্তমান সময়টি উপযুক্ত। বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ায় এ সময়ে লাগানো গাছ দ্রুত বেড়ে ওঠে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোকে আরও সবুজ করে তোলা।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে সবুজ রাখতে সবাইকে সম্মিলিতভাবে এই কর্মসূচিতে অংশ নিতে হবে।

আমিনুল হক আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়; ভবিষ্যতে এটি মানুষকে ফল, ছায়া ও ঔষধিসহ নানা সুবিধা দিতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ অবদান হয়ে থাকবে।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব।

আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গাছ লাগিয়ে যেতে হবে। মানুষের উপকারে আসে—এমন একটি গাছ লাগানোও বড় ধরনের ভালো কাজ।

তিনি জানান, দেশের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।