মুক্তমন রিপোর্টার : মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটির বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে তিন দেশের এই বৈঠক।
বৈঠকে বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
গত ৭ আগস্ট পবিত্র মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির মাধ্যমে দেশ তিনটির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি সমন্বিত কাঠামো তৈরি হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তিন দেশের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আঙ্কারার পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা সমন্বয়ের জন্য বিভিন্ন প্রক্রিয়া চালু করা হবে। এর মধ্যে যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়ও রয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর আগে চুক্তিটিকে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তা সংক্রান্ত ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে প্রযুক্তিগতভাবে তুলনীয় বলে মন্তব্য করেছিলেন।
তবে পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।