মুক্তমন রিপোর্টার : সুইজারল্যান্ডের আরাউ শহরে একটি রেভ পার্টিতে গুলির ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, জুরিখ শহরের প্রায় ৪৬ কিলোমিটার পশ্চিমে আরাউ এলাকার একটি ঘোড়দৌড়ের মাঠে আয়োজিত পার্টিতে ভোররাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২২ বছর বয়সী তরুণী ঘটনাস্থলেই মারা যান।
আহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে পুলিশ গোলাগুলির খবর পায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে তল্লাশি শুরু করেন।
তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, হামলাকারী কতজন ছিলেন এবং তাদের উদ্দেশ্য কী ছিল—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে।