মার্কিন প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ: ইরান

মার্কিন প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ: ইরান

মুক্তমন রিপোর্টার : যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির অনুমোদন নিতে হবে।

শনিবার এক বক্তব্যে ঘারিবাবাদি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে তেহরানের একটি সমঝোতা হয়েছে। তবে সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সমঝোতা বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এসব প্রতিশ্রুতি পূরণ হলে ইরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান ঘারিবাবাদি। তিনি বলেন, ইরান একই সঙ্গে তার প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রাখবে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্ক থাকবে।

ওয়াশিংটন আবার কূটনৈতিক পথে ফিরতে চাইলে অতীত কর্মকাণ্ডের দায় স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান বা পদক্ষেপ নতুন কোনো বিষয় নয়।

তিনি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে চাইলে ইরানের সঙ্গে সমন্বয় করে অনুমোদন নিতে হবে।

হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ নজরদারি করছে বলেও জানান তিনি। ইরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই জাহাজ চলাচল করেছে—এমন কিছু প্রতিবেদনও তিনি নাকচ করে দেন।

ঘারিবাবাদি আরও বলেন, কাতার ও পাকিস্তানের সঙ্গে ইরানের সাম্প্রতিক বৈঠক ও আলোচনা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে দুই দেশের ভূমিকার অংশ হিসেবেই এসব আলোচনা চলছে।

তার ভাষ্য, ইসলামাবাদ সমঝোতার আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ফেরার কোনো সুযোগ তৈরি হয়েছে কি না, তা যাচাই করাও কাতার ও পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অন্যতম উদ্দেশ্য।

ওমানের সঙ্গে হওয়া সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে ইরান তার অবস্থান ও প্রস্তুতি স্পষ্ট করেছে বলেও জানান ঘারিবাবাদি। তবে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে তেহরান।

ঘারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি স্থগিত করেছে। তার মতে, সঠিক পথে ফিরতে হলে ওয়াশিংটনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরপরই হরমুজ প্রণালি নিয়ে পরবর্তী পদক্ষেপের সুযোগ তৈরি হবে।