মুক্তমন রিপোর্টার : বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘রুপালি গিটারের জাদুকর’ আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে তরুণ ব্যান্ড লিডিয়ান। ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের গানটি আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে তাকে উৎসর্গ করা হয়েছে।
আইয়ুব বাচ্চুর সৃষ্টিশীলতা ও সংগীতের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে লিডিয়ান। ব্যান্ডটির সঙ্গে যুক্ত তরুণ শিল্পী রাজেশ মজুমদারও আইয়ুব বাচ্চুর সংগীতধারায় অনুপ্রাণিত হয়ে নিজের সংগীতযাত্রা শুরু করেন।
‘ঐ সম্মোহনের সুর’ গানটির কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। গানটির সুর, কম্পোজিশন ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার।
গানটির সংগীতায়োজনে রাজেশের সঙ্গে রয়েছেন লিডিয়ানের সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কী-বোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।
গানটি নিয়ে রাজেশ মজুমদার বলেন, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি তৈরি করা হয়েছে। তাঁর জনপ্রিয় কয়েকটি গানের শিরোনাম ও কথামালার ভাবনাকে ভিন্নভাবে সাজিয়ে গানটি তৈরি করা হয়েছে।
রাজেশ আরও জানান, মৃত্যুর কিছুদিন আগেও আইয়ুব বাচ্চু তাঁর সংগীত স্কুল প্রতিষ্ঠার স্বপ্নের কথা জানিয়েছিলেন। সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের শিল্পীদেরও নিতে হবে বলে মনে করেন তিনি।
লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকে আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট গানটি প্রকাশ ও প্রচার করা হবে। ব্যান্ডটির প্রত্যাশা, কিংবদন্তি এই শিল্পীর প্রতি তাদের ভালোবাসার এই সংগীত নিবেদন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।