মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, পরিবেশ খাতে সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

WhatsApp Image 2026-04-12 at 6.19.38 PM
WhatsApp Image 2026-04-12 at 6.19.38 PM

মুক্তমন ডেস্ক :পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিযোজন কার্যক্রম জোরদারে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং বিনিয়োগের আহ্বান জানান।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বন সংরক্ষণ ও বন্যপ্রাণী পাচার রোধে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর কথাও উল্লেখ করেন।

বৈঠকে উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।