মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির প্রথম সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সভা

মুক্তমন প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা এবং নির্বাহী কমিটির ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর মতিঝিলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আযম খান এমপি।

সভায় মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত ও মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শুধু যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত ও মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার নয়, বরং সব বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের তহবিলে অর্থ জমা দেওয়ার সক্ষমতাও অর্জন করা সম্ভব হবে।

সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন সভায় সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় ট্রাস্টের মালিকানাধীন সম্পদ, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা এবং চলমান সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সভার সভাপতি আহমেদ আযম খান এমপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।