মুক্তমন রিপোর্ট: মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জে দেশের ১৪ জন উদ্যোক্তাকে গোল্ড মেডেল দেওয়া হবে। আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত উদ্যোক্তাদের হাতে এ সম্মাননা তুলে দেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের কর্মসূচি সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হলেও এবার কিশোরগঞ্জে আয়োজন করা হয়েছে। তিনি বলেন, কিশোরগঞ্জ দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে উৎপাদনের মাঠে গিয়ে উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করবেন বলেও জানান মন্ত্রী। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি।
হাওরাঞ্চলে মাছের উৎপাদন কমে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান মন্ত্রী। মাছের উৎপাদন বাড়াতে দেশের হাওর, খাল-বিল ও সমুদ্র এলাকায় অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এসব এলাকায় মাছের প্রজনন ও বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নিষিদ্ধ ও অবৈধ জালের কারণে শুধু বড় মাছ নয়, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। দেশের কোথাও যেন অবৈধ জাল উৎপাদন ও ব্যবহার না হয়, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অবৈধ জালের বিরুদ্ধে সরকারি অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথাও অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে দেখলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।