মুক্তমন রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পড়ালেখা শেষে তাদের চাকরির নিশ্চয়তার বিষয়ে অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মৎস্য খাতে জনবল সংকটের বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে একটি উপজেলায় একজন করে ফিশারিজ কর্মকর্তা থাকলেও এ খাতে ৫০০ জনের বেশি জনবলের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক ভেটেরিনারি হাসপাতালের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় আধুনিক ও উন্নতমানের ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, ক্ষমতার উৎস জনগণ এবং পাঁচ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে।
বিএসভিইআরের ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলীমুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম খসরুজ্জামান।
তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।