যশোরে ১ কেজি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

WhatsApp Image 2026-04-22 at 11.27.36 PM
WhatsApp Image 2026-04-22 at 11.27.36 PM

মুক্তমন রিপোর্ট: যশোরের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সকল প্রকার চোরাচালান রোধে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০২৬ বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি বিশেষ টহল দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

এ সময় বাস থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। তার পিতা আমিন আহমদ আনসারী ও মাতা সারওয়ারি বানো আনসারী।

আটক ব্যক্তির কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২০ এপ্রিল ২০২৬ তিনি ভারতের মুম্বাই থেকে বিমানযোগে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে পুনরায় ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।

বর্তমানে আটক ব্যক্তি, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেরক
মসিয়ার রহমান কাজল,বেনাপোল।