মুক্তমন রিপোর্ট : ফেনী সদর উপজেলার একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং খাদ্য সংরক্ষণ ও মোড়কজাতকরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে “ইয়াম্মী সুইটস” নামের বেকারিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, ফেনী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
অভিযানকালে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখা যায়। একই সঙ্গে খাদ্য তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ এবং সেখানেই প্রস্তুতকৃত খাদ্য মোড়কজাত করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।
এ ছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়ও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ইয়াম্মী সুইটস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান, ফেনী সদর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের নিরাপত্তায় জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল দায়িত্ব পালন করে।
মোবাইল কোর্ট শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি সব আইন ও বিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাতকরণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।