প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

মুক্তমন রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে একটি প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা এরশাদকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত মে মাসে ওই প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

দীর্ঘদিন পর ওই মামলায় আদালতের রায়ের পর বিদিশা এরশাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।