র‌্যাবের অভিযানে বিদেশি সিগারেট ও গাঁজাসহ আটক ১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে উদ্ধার করা বিদেশি সিগারেট ও গাঁজা।
কুমিল্লায় র‌্যাবের অভিযানে উদ্ধার করা বিদেশি সিগারেট ও গাঁজা।

মুক্তমন রিপোর্ট: কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র‌্যাব-১১, সিপিসি-২। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেন কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।