শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-আগুন

012_fiHa95b
012_fiHa95b

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া) বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷ এসময় যুবদল নেতা রনিকে বাড়িতে ঢুকে হত্যার চেষ্টা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে।

এসময় বিকট শব্দে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে। আহত যুবদল নেতা রনি বলেন, যুবলীগ নেতা যে বর্তমানে নাগরিক ঐক্যের নামধারী অমিত, বিদ্যুৎ, এনামুল হক সরকার, পিয়াল, সাগর ও খোকনের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে আমাকে হকিস্টিক দিয়ে মারতে থাকে। এসময় আমার মাথায় আঘাত করে। মাথার আঘাত ঠেকাতে গিয়ে আমার বাম হাত ভেঙ্গে যায়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাতবোমা ও পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন ধরেছে। এছাড়াও কয়েকটি অবিস্ফোরিত ককটেল দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।

এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা টু জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বিএনপি হাজারো নেতা-কর্মী। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। পরবর্তীতে শিবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্থলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিএনপি নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে নাগরিক ঐক্য নামধারী নেতাকর্মীরা এ হামলায় জড়িত। বিএনপির ঘাঁটি শিবগঞ্জ উপজেলায় কোনো আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ আমার দেশকে বলেন, ঘটনাটি শোনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।