মুক্তমন প্রতিবেদক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতের সময় গভীর শোকে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছান ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুকে আবেগঘনভাবে জড়িয়ে ধরেন। পরে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
এরপর কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির।
কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান নিহত দুই পরিবারের বাসায় যান। সেখানে তিনি স্বজনদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে তিনি সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক জনসভায় যোগ দেন।
কবর জিয়ারত ও প্রতিবাদ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।