মুক্তমন রিপোর্টার : পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। রোববার যাত্রা শুরুর পর উপকূলের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে পানি ঢুকে সেটি উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্ক ও সাইপ্রাসের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সিএনএন তুর্ককে জানিয়েছেন, নৌকাটিতে থাকা ২৫৮ যাত্রীর মধ্যে ১৫৯ জনের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন।
সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যম কিব্রিস জানিয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে থাকতেই নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। পরে নৌকাটি উল্টে গেলে যাত্রীরা সমুদ্রে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।