মুক্তমন রিপোর্টার : দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ও চিকিৎসকদের প্রচেষ্টায় মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিভিন্ন শারীরিক জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন মির্জা আব্বাস। চিকিৎসা শেষে এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।