মুক্তমন প্রতিবেদক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক ছিলেন। তাঁর অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
আইনমন্ত্রী বলেন, “একেএম সামিউল হক ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক। তাঁর অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মতো একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় একেএম সামিউল হককে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একেএম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন। পরে তিনি জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর নিজ জেলা নেত্রকোণা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর ৭ মাস। তিনি অবিবাহিত ছিলেন।