সোনাগাজীতে অনিয়ম ও লুটপাটের অভিযোগে পিআইও আল সাঈদ দুদকের হাতে গ্রেফতার

WhatsApp Image 2026-02-26 at 23.56.05
WhatsApp Image 2026-02-26 at 23.56.05

মুক্তমন রিপোর্ট : ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও লুটপাটের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল সাঈদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একটি বিশেষ টিম সম্প্রতি অভিযান পরিচালনা করে তাকে আটক করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, সোনাগাজী উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাবিখা ও টিআর প্রকল্পে অনিয়মের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল।

দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে প্রকল্প বাস্তবায়নে কাগজে-কলমে কাজ দেখিয়ে বাস্তবে নিম্নমানের কাজ সম্পন্ন কিংবা কাজ না করেই বিল উত্তোলনের প্রমাণ মিলেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল। গ্রেফতারের ঘটনায় এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।