স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি, ‘সংসদীয় গণতন্ত্রে অনন্য নজির’—স্বরাষ্ট্রমন্ত্রী

WhatsApp Image 2026-04-12 at 6.33.09 PM
WhatsApp Image 2026-04-12 at 6.33.09 PM

মুক্তমন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা ছিল। ঈদুল ফিতর ও শবে বরাতের দীর্ঘ ছুটির কারণে কার্যদিবস কম থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে এই বিশাল কাজ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, স্থায়ী কমিটি গঠিত না থাকায় একটি বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অবিকল অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে, ১৬টি অধিকতর যাচাইয়ের জন্য পরবর্তী অধিবেশনে তোলা হবে এবং বাকিগুলো সংশোধন বা রহিতের তালিকায় রাখা হয়েছে।

বিরোধী দলের উত্থাপিত বিলসংখ্যা নিয়ে বিভ্রান্তির জবাবে মন্ত্রী বলেন, একাধিক সংশোধনী থাকা সত্ত্বেও মূলত একই অধ্যাদেশকে একত্র করে বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে সংবেদনশীল এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে পুনরায় উপস্থাপনের সুযোগ রয়েছে।

গুম কমিশন, মানবাধিকার কমিশন ও আইসিটি আইন প্রসঙ্গে তিনি বলেন, তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ আইন পাস না করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে আরও শক্তিশালী ও আধুনিক আইন প্রণয়ন করা হবে, যাতে ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

সংসদীয় সংস্কৃতির অংশ হিসেবে বিরোধী দলের ওয়াকআউটের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদের বাইরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে তা জনগণের সামনে স্পষ্ট করা সরকারের দায়িত্ব।