চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে এসআই এসএম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মামলার আসামিরা ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাব্বি (২৬), মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং মো. সুমিত ওরফে আলিফ (২৪)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে বিস্ফোরক সদৃশ বস্তু ও হেরোইন মজুদ রাখা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে দুইটি সাদা পলিথিনে রাখা মোট ২ কেজি গান পাউডার এবং দুইটি পলিপ্যাকে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা এবং গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



