উত্তরায় হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মুক্তমন অনলাইন : রাজধানীর উত্তরায় হজ্জ ও ওমরাহ সেবাদানকারী সুপরিচিত প্রতিষ্ঠান “আল-মাফাজ হজ্জ ট্রাভেলস”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র হজ্জ পালনে আগ্রহী হাজীদের সঠিক দিকনির্দেশনা প্রদান, ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এবং হজ্জ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১০টা থেকে রাজধানীর উত্তরার রয়েল কুইজিন রেস্টুরেন্টে দিনব্যাপী এই কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জযাত্রী, আলেম-ওলামা, ইসলামিক ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে হজ্জের ফরজ, ওয়াজিব, সুন্নত, হজ্জ পালনের প্রস্তুতি, সৌদি আরবে করণীয়, স্বাস্থ্য সচেতনতা, যাতায়াত ব্যবস্থা, মিনা-মুজদালিফা ও আরাফাতের আমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হজ্জযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন উপস্থিত আলেম-ওলামারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুলহেল মাজেদ বাবু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাদানি এবং হাফেজ মো. নাজির উল্যাহসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তা, আলেম, মুফতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ্জ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মুসলমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সফর। সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজ্জের আনুষ্ঠানিকতা সঠিকভাবে পালন করা কঠিন হয়ে পড়ে। তাই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা হজ্জযাত্রীদের জন্য অত্যন্ত উপকারী।
আল-মাফাজ হজ্জ ট্রাভেলস কর্তৃপক্ষ জানায়, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা ও নির্ভুল দিকনির্দেশনা প্রদানই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে হজ্জ ও ওমরাহ সেবা দিয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও হাজীদের জন্য একটি তথ্যবহুল ও কার্যকর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ শায়খ নুরুজ্জামান কাসেমী, স্বত্বাধিকারী, আল-মাফাজ হজ্জ ট্রাভেলস।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকল হজ্জযাত্রী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানান আয়োজকরা।



