

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনিয়মের দায়ে ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন চালানো হয়। এ সময় ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এ বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
এছাড়া লাইসেন্স নবায়ন জটিলতা ও অন্যান্য অসংগতি থাকায় হাজী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, দাগনভূঞা আই কেয়ার হাসপাতাল এবং লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে সতর্ক করা হয়েছে। তবে ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার’-এ কোনো অনিয়ম পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, অফিস সহকারী শিখা রানী রায়, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোয়াজ্জেম হোসেন মজনু এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



