সারাদেশ

ঝিনাইদহে ব্রিজের নিচে বস্তাভর্তি অজ্ঞাত মাংস উদ্ধার, এলাকায় আতঙ্ক

ঝিনাইদহ, ২৮ এপ্রিল ২০২৬: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা-র এলাঙ্গী ইউনিয়নে ব্রিজের নিচে বস্তাভর্তি অজ্ঞাত মাংস উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার ভোরে গুড়পাড়া ও তালিনা গ্রামের মধ্যবর্তী একটি মাঠের ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাংস উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, ভোরে ফজরের নামাজ শেষে কৃষকরা মাঠে যাওয়ার সময় একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন, যেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।
বস্তার ভেতর থেকে রক্তমাখা মাংসের টুকরো বের হয়ে থাকতে দেখা গেলে দ্রুত বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রথমে এগুলো গরু বা মহিষের মাংস মনে হলেও গঠন ও অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে উদ্ধারকৃত মাংস কোন প্রাণীর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মাংসগুলো বর্তমানে হেফাজতে রাখা হয়েছে এবং প্রকৃত উৎস শনাক্তে ল্যাবরেটরিতে পরীক্ষার প্রস্তুতি চলছে। এটি চুরি করা গবাদিপশুর মাংস কিনা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে কোটচাঁদপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত এর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button