খেলা-বিনোদন

কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই

বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করলে একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী।

১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন। হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় হাজারো গান গেয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।

শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক, গজল থেকে ক্যাবারে—সব ধারাতেই তার অনন্য কণ্ঠস্বর ছিল সমান জনপ্রিয়। তার গাওয়া অসংখ্য গান আজও সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

এর আগে অসুস্থতার খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

এই গুণী শিল্পীর মৃত্যুতে ভারতসহ বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button