দেড় লাখ কোটি টাকা বাড়ছে বাজেট, আকার ৯.৩০ লাখ কোটি


মুক্তমন ডেস্ক : আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য বড় আকারের বাজেট প্রস্তুত করছে সরকার। সম্ভাব্য বাজেটের আকার ধরা হচ্ছে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দেড় লাখ কোটি টাকা বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট প্রণয়নে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, ভর্তুকি ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের প্রায় ৬৭ শতাংশ পরিচালন খাতে এবং ৩৩ শতাংশ উন্নয়ন খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ এবং ‘নতুন কুড়ি’সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হতে পারে।
এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও সারের ভর্তুকি ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঋণের সুদ পরিশোধেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে সরকারকে।
সরকার আগামী অর্থবছরে প্রায় ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে। এতে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াবে প্রায় ২ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতির চাপের মধ্যেও বড় বাজেট বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যকর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।



