নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ


চাঁপাইনবাবগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬ (প্রতিনিধি):উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ‘বাংলা নববর্ষ ও বাঙালির ঐতিহ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক ফাহমিদা খাতুন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে লালন ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বছরে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।



